
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা পৌর শহরে অনুমতি ছাড়া আয়োজন করা মাসব্যাপী দেশীয় পণ্যের শিল্প ও পণ্য মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত কয়েক দিন আগে অনুমতি ছাড়া আয়োজন করা মেলা শুরুর পর প্রশাসনের নির্দেশে রোববার (১০ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম উপস্থিত হয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন।
জানা গেছে, মোঃ মিজানুর রহমান ও মোঃ খোকন কোনো অনুমতি ছাড়াই দাগনভূঞা পৌর শহরের বসুরহাট রোডের আছলাম হাজী জামে মসজিদ সংলগ্ন জমিতে ‘মাসব্যাপী দেশীয় পণ্যের শিল্প মেলা’ নামে এ মেলার আয়োজন করে। পরে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন মেলার সব কার্যক্রম বন্ধ করে দেয়। অর্ধ শতাধিক দোকানীকে বরাদ্দ দেওয়া হয়েছে স্টল।
ইতিমধ্যে প্রায় অর্ধশত দোকানি তাদের পসরা সাজিয়েছেন। আরো বেশ কিছু স্টলের সাজসজ্জার কাজ চলছে। নির্মাণ করা হয়েছে সুদৃশ্য গেট। মেলা মাঠে করা হয়েছে লাইটিং।
জেলা প্রশাসন মেলার কোনো অনুমতি না দিলেও কয়েক দিন ধরেই চলছে মেলার আয়োজন। মেলায় দিনের বেলায় লোকসমাগম তেমন না হলেও সন্ধ্যার পর আনাগোনা বাড়ে। কেনাবেচাও চলছে অল্পস্বল্প।
এ সময় এক ব্যবসায়ী বলেন, মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বেচা বিক্রি আস্তে আস্তে জমতে শুরু করেছেন। কিন্তু মেলা আয়োজক কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন স্টল গুছিয়ে ফেলতে। প্রশাসন থেকে নাকি মেলাটি বন্ধের নির্দেশ দিয়েছেন।
এ সময় আরও কয়েকজন ব্যবসায়ীর জানান, দোকানের জন্য মেলার আয়োজকরা আগেই টাকা নিয়েছেন। গত কয়েক দিন আগে তারা দোকান পেতে বসেছেন। এখনও নাকি মেলার অনুমতি পায়নি। তাই বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া মেলা চালু করায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তা বন্ধ করে দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :