• ঢাকা
  • রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ মে, ২০২৬

ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
ফেনীতে ‘বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক’ আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হেযবুত তওহীদ ফেনী জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজমাইন ফেরদৌস ও আনিসা বিনতে আফসারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন বলেন, বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে গভীর ষড়যন্ত্র চলছে। পরিকল্পিতভাবে দেশকে সাম্প্রদায়িক, জঙ্গিবাদী ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে এই ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে। এ সময় তিনি অভ্যন্তরীণ বিভক্তি পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা, অর্থনীতি, চিকিৎসা ও রাজনৈতিক ব্যবস্থা বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর পরিবর্তে অতীত নিয়ে বিতর্ক চলমান থাকা দুঃখজনক বলেও মন্তব্য করেন।
সংকট উত্তরণে করণীয় তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে প্রবর্তিত সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি ও প্রচলিত শাসনব্যবস্থার কারণে জাতি আজকের অবস্থায় উপনীত হয়েছে। আল্লাহর বিধান অনুসরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই শান্তি ও স্থিতিশীলতার একমাত্র পথ বলে তিনি মত দেন।

ফেনী জেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল ওয়াহেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা, ফেনী জেলা সাধারণ সম্পাদক নূরুল আলম, ফেনী সদর থানা সভাপতি একরামুল হক ভূঁইয়া, ফুলগাজী থানা সভাপতি মঞ্জুরুল আলম এবং ছাগলনাইয়া থানা সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উগ্রবাদ, জঙ্গিবাদ ও ধর্মের অপব্যাখ্যা প্রতিরোধে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় হেযবুত তওহীদের কর্মীরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তারা সব ধরনের বিভেদ ভুলে দেশ ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলনে ফেনী জেলা হেযবুত তওহীদের কয়েক শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর