
দাগনভূঞা প্রতিনিধি : ঢাকার শিশু শিক্ষার্থী রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দাগনভূঞা উপজেলা আহলে সুন্নাতে ওয়াল জামায়াত ও ইসলামি ফ্রন্ট বাংলাদেশ।
শনিবার (২৩ মে) সকালে পৌর শহরে জিরো পয়েন্ট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উপজেলা সভাপতি এম.এ নাসিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য আল্লামা মুফতি নিজাম উদ্দিন নোমানী।
আরো বক্তব্য রাখেন ফেনী জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মুফতী ফয়েজ উল্লাহ আল কাদেরী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা মাওলানা বেলাল হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা হাফেজ ওমর ফারুক, জেলা ইসলামী ছাত্রসেনা সভাপতি এবি সিদ্দিক, উপজেলা ইসলামী ছাত্রসেনা সভাপতি নুর ইসলাম, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা শাহজাহান, দেলোয়ার হোসেন ও মাওলানা ফেয়ারুল ইসলাম হারুনী প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণকারী ও ঢাকার পল্লবীতে শিশু রামিসার হত্যাসহ সকল ধর্ষণ ও বলাৎকারকারীদের প্রকাশ্যে ফাঁসির দাবি ও সকল প্রকার মাদকদ্রব্য নিষিদ্ধের দাবি জানান। শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। সম্প্রতি ধর্ষণের মতো জঘন্য অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে প্রকাশ্যে ফাঁসির নিশ্চিত না করা হলে অপরাধপ্রবণতা বাড়বে। বর্তমানে নারী ও শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। শিশু রামিসাসহ সকল ধর্ষণ, হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তারা আরো বলেন, কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট রোডের হযরত মাওলানা মাইজ্জা হুজুর (রহঃ) এর মাজার শরীফে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :