জনগণের প্রতি সরকার দলের নেতাকর্মীদের অনেক দায়িত্ব রয়েছে : এমপি বীথিকা

লক্ষ্মীপুর প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেন, জনগণের প্রতি সরকার দলের নেতাকর্মীদের অনেক দায়িত্ব রয়েছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। ব্যবসা বাণিজ্য করবো, কারণ সরকার আমাদের, আমরা ব্যবসা বাণিজ্য করতে চাইলে কেউ আমাদের কাছে চাঁদা দাবি করতে আসবে না। সুন্দরভাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। সরকারি বরাদ্দ থেকে আমরা অনেকেই কমিশন খাওয়ার চেষ্টা করি, সেটা চিন্তা করা যাবে না। জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ জনগণের জন্যই খরচ করে ইনসাফ বাস্তবায়ন করতে হবে।
রোববার (৩১ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মেলগেইট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
বীথিকা বিনতে হোসাইন বলেন, তরুণ সমাজকে মেধানির্ভর করে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা ঠিকমতো পড়ালেখা করছে কিনা, সুব্যবস্থা রয়েছে কি না তা দেখতে হবে। এটি একজন রাজনীতিবিদের প্রকৃত দায়িত্ব। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হবে। তাদের খেলাধুলায় মনোযোগী ও মানসিক বিকাশে সচেতন থাকতে হবে। আমাদেরকে সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, সদর (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, দালাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী মিলন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ৩নং দালাল বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :