• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুন, ২০২৬

‘মব’ সৃষ্টির আশঙ্কায় ফেনীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ‘মব’ সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সংগঠনটির ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহিদ মামুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একটি উগ্রবাদী গোষ্ঠী দীর্ঘদিন ধরে ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছে। এর মাধ্যমে জনমনে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। ফলে জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত সংগঠনের অর্ধশতাধিক পরিবার ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, বর্তমানে ফেনী সদর উপজেলার উজালিয়া গ্রামের সদস্যদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এতে বড় ধরনের সহিংস ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ফেনী খেলাফত মজলিসের নেতা শাহ শিহাব উদ্দিন তার ফেসবুক পেজে উসকানিমূলক পোস্ট দিয়েছেন। পাশাপাশি, আরও কয়েকটি সংগঠন মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও দাবি করা হয়।

এছাড়া, আগামী ৭ জুন বিকেলে ফেনী শহরের দাউদপুল এলাকার একটি রেস্টুরেন্টে হেযবুত তওহীদের বিরুদ্ধে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মুফতি ইউসুফ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা ‘মব’ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্মারকলিপিতে অতীতের ঘটনাও তুলে ধরা হয়। ২০০০ সালে ফুলগাজীর বশিকপুর এবং ২০০৭ সালে ফেনী সদরের উজালিয়া গ্রামে সংগঠনটির ওপর হামলার ঘটনা উল্লেখ করে বলা হয়, তখনও গুজব ছড়িয়ে তাদের জানমালের ক্ষতি করা হয়েছিল।

বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। এ অবস্থায় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর