• ঢাকা
  • সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জুন, ২০২৬

দাগনভূঞায় পল্লী উন্নয়ন কর্মকর্তাকে ইউবিসিসিএ সচিব পদ থেকে অব্যাহতি

দাগনভূঞা প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউবিসিসিএ) লিমিটেডের সচিব পদ থেকে পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান মজুমদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। সমবায় সংক্রান্ত বিরোধ মামলায় আদালতের রায় এবং পরবর্তী আপিল খারিজ হওয়ার পর ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে এ অব্যাহতি চূড়ান্ত হয়।

জানা যায়, ২০১৬ সালের ১০ অক্টোবর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর প্রকল্প পরিচালক (পদাবিক) এক আদেশে পল্লী উন্নয়ন কর্মকর্তাকে ইউবিসিসিএর সচিব হিসেবে নিয়োগ দেন। তবে ২০১৮ সালের ৭ মার্চ বিআরডিবির মহাপরিচালক ওই নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল ঘোষণা করেন।

পরবর্তীতে ২০২৪-২৫ অর্থবছরের অডিট হিসাব প্রস্তুত এবং বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত বাজেট বিষয়ে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগে সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন আহমেদ চৌধুরী ও সহ-সভাপতি মো. নূরুল আল খাঁন সমবায় আইন, ২০০১-এর ৫০(৩) ধারায় বিভাগীয় সমবায় কার্যালয়, চট্টগ্রামের উপ-নিবন্ধক (বিচার) আদালতে বিরোধ মামলা নং-৩/২০২৫ দায়ের করেন।

মামলার শুনানি শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি উপ-নিবন্ধক (বিচার) জ্ঞানেন্দ্র বিকাশ চাকমা রায়ে পল্লী উন্নয়ন কর্মকর্তাকে সচিব পদ থেকে অব্যাহতি দিয়ে সমবায় বিধিমালা, ২০০৪-এর ৪৬(৩) বিধি অনুযায়ী ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগের নির্দেশ দেন।

রায়ের পর ২২ জানুয়ারি ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সকল নথিপত্র ও চার্জ হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় ৮ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এরপরও চার্জ হস্তান্তর না করায় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফেনীর আদালতে ফৌজদারি কার্যবিধির ৯৮ ধারায় চার্জ ওয়ারেন্টের আবেদন করে বিবিধ মামলা নং-১২৬/২০২৬ দায়ের করা হয়।

অন্যদিকে সচিব পদে পুনর্বহালের দাবিতে পল্লী উন্নয়ন কর্মকর্তা বিভাগীয় সমবায় কার্যালয়ে আপিল মামলা নং-১/২০২৬ দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৬ সালের ৮ জুন আপিল কর্তৃপক্ষ সমবায় আইন, ২০০১-এর ৫০(৪) ধারায় নির্ধারিত সময়সীমার মধ্যে আপিল না হওয়া এবং আপিলটি গ্রহণযোগ্য না হওয়ায় তা খারিজ করে দেন।

এর ফলে দাগনভূঞা উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতির সচিব পদে মো. আতাউর রহমান মজুমদারের দায়িত্ব পালনের আর কোনো আইনগত ভিত্তি না থাকায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর