• ঢাকা
  • মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জুন, ২০২৬

আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে

বোস্টনে জার্মানির বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে নামার আগে প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো তার খেলোয়াড়দের বলেছেন, এটা জীবনে একবার আসে এমন সুযোগ। এটাকে কাজে লাগাতে হবে।

মঙ্গলবার (২৯ জুন) বোস্টনে বাংলাদেশ সময় রাত আড়াইটায় মুখোমুখি হবে দল জার্মানি-প্যারাগুয়ে।

গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হারের পর ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে। তৃতীয় স্থানে থাকা সেরা দল হিসেবে নকআউট পর্বে উঠেছে তারা। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোল দক্ষিণ আমেরিকার এই দলটি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ ই-তে শীর্ষে থেকে নকআউটে উঠেছে। তবে শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরেছে তারা। রোববার সংবাদ সম্মেলনে আলফারো বলেন, ‘তারা বিশ্বকাপ জেতার দাবিদার। কিন্তু আমরা মাঠে সবটুকু দেব। এটা আমাদের জন্য দারুণ একটা চ্যালেঞ্জ।’

আর্জেন্টাইন কোচ আলফারো ২০২৪ কোপা আমেরিকার ব্যর্থতার পর প্যারাগুয়ের দায়িত্ব নেন। তিনি বলেন, বিপদের মুখে তার দল যেভাবে ঘুরে দাঁড়াতে পারে তা তাকে মুগ্ধ করে। নকআউটে ওঠাটাই তার কাছে বড় পাওয়া।

প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব শেষ করে। আলফারো জানান, ‘আমরা গতকাল রাতে এসেছি। জার্মানির বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য এটা আদর্শ সময় নয়। তবে এই দলকে আমি পুরোপুরি বিশ্বাস করি।’

খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘এটা আমাদের প্রথম বিশ্বকাপ। এখানে আসতে পারাটাকে স্বীকৃতি দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু হাতেগোনা কয়েকজনই বিশ্বকাপে যেতে পারে। এই অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তা জীবন বদলে দেবে।’

বোস্টনের এই ম্যাচে জয়ী দল পরবর্তী রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হতে পারে।

আরও পড়ুন

  • . এর আরও খবর