• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ জুলাই, ২০২৬

গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা

কিলিয়ান এমবাপ্পে ২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির খুব কাছাকাছি পৌঁছে গেলেও ব্যক্তিগত অর্জনের চেয়ে তার কাছে বড় লক্ষ্য ১৯ জুলাই নিউইয়র্কে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা।

শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পথে জোড়া গোল করেন এমবাপ্পে। এতে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮, যা মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল কম। একই সঙ্গে চলতি আসরে ছয় গোল করে গোলদাতার তালিকায়ও মেসির পাশে উঠে এসেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এমবাপে স্পষ্ট করে জানান, গোলের রেকর্ড নয়, তার পুরো মনোযোগ বিশ্বকাপ জয়ের দিকেই।

তিনি বলেন, ‘আমার লক্ষ্য আগেও যেমন বলেছি, যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। ১৯ জুলাইয়ের ফাইনালে পৌঁছানো এবং আবার এখানে ফিরে আসাই আমাদের লক্ষ্য।’

এমবাপ্পে আরও বলেন, ‘আমরা জয়ের জন্য খেলছি এবং ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই যত বেশি গোল করবেন, ততই তালিকায় ওপরে উঠবেন। এটা নতুন কিছু নয়।’

মেসির রেকর্ড ভাঙার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, লিও (মেসি) আরও গোল করবে। তাই এসব নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমার পুরো মনোযোগ সম্ভাব্য প্রতিপক্ষ এবং কীভাবে ফাইনালের আরও কাছে পৌঁছানো যায়, সেদিকেই।’

আরও পড়ুন

  • . এর আরও খবর