• ঢাকা
  • শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ জুলাই, ২০২৬

দাগনভূঞায় আম্বালা ফাউন্ডেশনের টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার গ্রেপ্তার

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞায় এনজিও আম্বালা ফাউন্ডেশনের ২১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার মোঃ এফতাদুল ইসলাম সোনারকে (৪২) গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে ঢাকা সাভার এলাকা থেকে দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকারের নেতৃত্বে সঙ্গী ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ১৬ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করে।

গ্রেপ্তার এফতাদুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাটিয়ান গ্রামের মোঃ নজুরুল ইসলাম সোনার ছেলে। তিনি অত্র ফাউন্ডেশনের দাগনভূঞা শাখার ম্যানেজার হিসেবে গত ১ জুন দায়িত্ব গ্রহণ করেন।

এঘটনায় ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মোঃ শাহাজাদা মিয়া গত ১৭ জুন সংশ্লিষ্ট আইনে দাগনভূঞা থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ জুন ম্যানেজার এফতাদুল ইসলাম দাগনভূঞা এন.আর.বিসি ব্যাংক দাগনভূঞা শাখা থেকে দুটি চেকের মাধ্যমে ২১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা উত্তোলন করে পালিয়ে যায়। টাকা উত্তোলনের হিসাব ফাউন্ডেশনে রিপোর্ট না করায় সন্দেহ হলে এরিয়া ম্যানেজার শাহাজাদা তার মুঠোফোনে ফোন করলে সাড়া না পেয়ে তার দাগনভূঞা পৌর শহরের বসুরহাট রোডের ডাঃ শাহআলম চক্ষু হাসপাতালের তৃতীয় তলা ভাড়া বাসায় যান। সেখানে তার স্ত্রী জানান তার স্বামী সকালে বাসা থেকে বের হয়ে গেছে আর আসেনি।
এরিয়া ম্যানেজার মোঃ শাহাজাদা মিয় জানান, এঘটনায় আম্বালা ফাউন্ডেশন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুনাম নষ্ট হয়েছে। আমার কাছে টাকা প্রদানের রসিদ/ভাউচার/লেনদেন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ রয়েছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর