
দাগনভূঞা প্রতিনিধি : ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে দাগনভূঞা উপজেলায় জুলাই শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহ, থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান হিরো, বিআরডিবির চেয়ারম্যান নজির আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, ছাত্র প্রতিনিধি প্রিন্স মাহমুদ আজিম, রবিউল আউয়াল সজিব, তানভীর বিন হোসাইন মিশকাত, শহিদ সাইফুল ইসলাম আরিফের পিতা আলতাপ হোসেন, শহিদ সরোয়ার জাহান মাসুদের ছোট ভাই মাসুদ আল সামির, শহিদ আবু বক্কর ছিদ্দিকের স্বজন। এছাড়াও গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মানের লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলন সংঘটিত হয়েছিল। এই আন্দোলনের সুবাদেই আমরা আজ একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যা আমাদের সামনের দিনগুলোর বড় অনুপ্রেরণা। একপর্যায়ে এই বৈষম্যবিরোধী আন্দোলন তীব্র গণ আন্দোলনে রুপ নেয় এবং দেশের কর্তৃত্ববাদী রাজত্বের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। বক্তারা আরও জোর দিয়ে বলেন, জুলাই আন্দোলনের যে মানবিকসম্পন্ন রাষ্ট্র গঠনের লক্ষ্য ছিল এবং এর পেছনে যে চেতনা কাজ করেছে, তা যেন কোনোভাবেই ম্লান না হয়ে যায়। সভার শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে দেশের শান্তি ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দুআ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম।
আপনার মতামত লিখুন :