প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৬

৪ মাসে হাম ও উপসর্গে ৭৮০ মৃত্যু

স্টাফ রিপোর্টার : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৮০ জনের মৃত্যু হলো। এরমধ্যে হামের উপসর্গে ৬৮৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮৭৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ১১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ২৪৪ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৫ হাজার ৩১ জন ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর