প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে তাহেরা ফুডকে ৩ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে তাহেরা ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন না। জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানের ম্যানেজার ও

মালিকের ভাই মো. জিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়।

এ সময় কারখানায় অবৈধভাবে উৎপাদিত ৩৮ কার্টন ভেজাল ঘি জব্দ করে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং সদর মডেল থানার পুলিশের একটি দল অংশ নেয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর