প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে যুবদল নেতা মহসিন সরকার উদ্যোগে মাটির রাস্তা সংস্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি : দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে ব্যক্তি উদ্যোগে প্রায় ২ কিলোমিটার মাটির রাস্তা সংস্কার করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনি মোহন ইউনিয়নের যুবদল নেতা মো. মহসিন হোসেন সরকার। সোমবার (২৭ জুলাই) দিনব্যাপী ইউনিয়নটির ১ ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে ইটের খোয়া ও বালু ফেলে সংস্কার কাজ সম্পন্ন করা হয়।

বছরের পর বছর কাঁচা ও চলাচলের অনুপযোগী এসব সড়কে মানুষের ভোগান্তি ছিল নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছাতো। সংস্কার কাজ শেষ হওয়ার পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়দের ভাষায়, এখন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের যাতায়াত অনেকটাই সহজ ও নিরাপদ হয়েছে।

জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশনায় মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেন মহসিন হোসেন সরকার। এর আগেও তিনি ব্যক্তি উদ্যোগে ইউনিয়নের ১০ কিলোমিটারেরও বেশি মাটির রাস্তা সংস্কার করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

মো. মহসিন হোসেন সরকার বর্তমানে চর রমনি মোহন ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। এর আগে তিনি ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। রাস্তা সংস্কারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

এ বিষয়ে মো. মহসিন হোসেন সরকার বলেন, মানুষের দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে অবহেলিত মাটির রাস্তাটি চলাচলের উপযোগী করতে ইটের খোয়া ফেলে সংস্কারের উদ্যোগ নিয়েছি। স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং জেলা যুবদলের নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করেছি।

আমি বিশ্বাস করি, জনগণের পাশে থেকে তাদের প্রয়োজনের সময় সহযোগিতা করাই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বিএনপির জনসমর্থন আরও শক্তিশালী হবে। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাব।

আরও পড়ুন

  • . এর আরও খবর