
দাগনভূঞা প্রতিনিধি : “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল এগারোটায় আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় রেঞ্জ কর্মকর্তা মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুলতানা রাজিয়া, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা আক্তার, করাত কল সমিতির সভাপতি মোঃ ইয়াছিন হিরণ ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান প্রমুখ।
এছাড়াও গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, মানুষের জীবন, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।
মেলায় উপজেলার বিভিন্ন নার্সারির ৭টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছ নিয়ে অংশগ্রহণ করে। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে ইউএনও প্রদর্শিত চারা সম্পর্কে খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের মাঝে গাছ লাগানোর আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :