
শাহ মনসুর আলী নোমান, লন্ডন : ফ্রান্সের রাজধানী প্যারিসে প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রিটিশ-বাংলাদেশি লেখক, গবেষক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে উদ্বুদ্ধ করতে হবে। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে গণমাধ্যমকর্মীদের কলমের প্রতিটি শব্দ যেন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের দায়িত্ব শুধু সত্য প্রকাশেই সীমাবদ্ধ নয়; জাতির ইতিহাস, ঐতিহ্য ও শেকড়কে লালন করা, পাশাপাশি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ, হাসন রাজা, রাধারমন দত্ত ও দূরবীন শাহের মতো মনীষীদের ভাবধারা ধারণ করে বাংলা ভাষা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করাও গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল মারুফ এবং সদস্য শাবুল আহমেদসহ অন্যান্য সদস্যরা।
সভায় ফ্রান্স, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পেশাগত ঐক্য, সৌহার্দ্য এবং সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :