
দাগনভূঞা প্রতিনিধি : পবিত্র ঈদে আজম উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে দাগনভূঞা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ফেনী জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত মানবতার আদর্শের ভিত্তিতে সব ধর্ম, মত ও পথের মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের মতে, মানবতার রাজনীতি ছাড়া মিথ্যা, জুলুম, স্বৈরতন্ত্র ও সহিংসতা থেকে সত্য ও মানবতার মুক্তির কোনো পথ নেই।
বক্তারা আরও বলেন, সব মানুষের কল্যাণ, ভালোবাসা ও প্রতিনিধিত্বের ভিত্তিতে মানবতার রাজনীতি প্রতিষ্ঠা না হলে একক গোষ্ঠীকেন্দ্রিক স্বৈররাজনীতির কবলে মানবজীবন বিপর্যস্ত হবে। মহানবী (সা.)-এর আদর্শ ও পথ অনুসরণের মাধ্যমে মানবতার মুক্তি ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
সমাবেশে ইসলামের নামে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির সমালোচনা করা হয়। বক্তারা বলেন, ইসলাম জোর-জবরদস্তি সমর্থন করে না। ইসলামের নামে কোনো একক গোষ্ঠীর মতবাদ রাষ্ট্র ও সমাজের ওপর চাপিয়ে দেওয়া ইসলামের প্রকৃত মানবিক আদর্শের পরিপন্থী।
তারা আরও বলেন, সব মানুষের সমান অধিকার, স্বাধীনতা ও মর্যাদার ভিত্তিতে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে।
পাশাপাশি জাতীয়তাবাদী বিভেদ, বৈষম্য, বিদ্বেষ ও শত্রুতার ঊর্ধ্বে উঠে মানবতার স্বার্থে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, ঈদে আজম শুধু আনুষ্ঠানিকভাবে পালনের বিষয় নয়; এর প্রকৃত লক্ষ্য হলো সত্য উপলব্ধি, মানবতার মুক্তি এবং সমাজ থেকে জুলুম, সহিংসতা, বৈষম্য ও স্বৈরতন্ত্র দূর করার প্রত্যয় গ্রহণ। এ উপলক্ষে মানবতার কল্যাণে নতুন রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনার আলোকে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে দাগনভূঞা বাজারের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :