প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ আগস্ট, ২০২৬

সুবর্ণচরে মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি ও সমাবেশ

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর : সুবর্ণচরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের বাংলা বাজারে চরজব্বর থানা, কমিউনিটি পুলিশিং ও স্থানীয় সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চরক্লার্ক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হানিফ মিন্টুর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদ, বিএনপি নেতা সিরাজ উদ্দিন, আব্দুল গনি সেলিম, চরক্লার্ক ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, ছনখোলা পুলিশ ক্যাম্পের এসআই মো. আলী, চরক্লার্ক ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী ও সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওসি রফিকুল হাসান বলেন, ‘সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদক এমনিতেই বন্ধ হয়ে যাবে। মাদক নির্মূল করতে হলে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। পুলিশের পক্ষ থেকে আমি সর্বোচ্চ আইনি সাপোর্ট দেব। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কোনো মাদক কারবারিকে সুবর্ণচরের মাটিতে অবস্থান করতে দেওয়া হবে না।’

অন্যান্য বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ সদস্য, আলেম-ওলামা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত সচেতন নাগরিক অংশ নেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর