প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হামের উপসর্গে নোয়াখালীতে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ১১৫

নিজস্ব প্রতিবেদক : হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের প্রাদুর্ভাবের মধ্যে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ শিশু নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ১১৫ শিশু চিকিৎসা নিচ্ছে। আক্রান্তদের মধ্যে জেলার বিভিন্ন প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার শিশুর সংখ্যাই বেশি। প্রতিদিন গড়ে অর্ধশতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জ্বর ও হামের উপসর্গ নিয়ে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকার করিমের ছেলে জিহাদকে (৮) হাসপাতালে ভর্তি করা হয়। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এর কিছুক্ষণ পর একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে তীব্র জ্বর ও কাশি নিয়ে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকার দেলোয়ারের ছয় বছর বয়সী ছেলে মাহিয়ারকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে শিশুটির মৃত্যু ঘটে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ও নোয়াখালী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আনোয়ার হোসেন বলেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের আলাদা আইসোলেশন ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৬১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় জেলার প্রান্তিক এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের নজরদারি বাড়ানো হয়েছে। হামের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর