প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী ২৫ অভিযানে আটক ১৭১

স্টাফ রিপোর্টার : নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় ২৫টি অভিযান পরিচালনা করে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা পুলিশের পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে জেলার বিভিন্ন থানায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ২৯ জন, হাতিয়া থানায় ২৯ জন, কোম্পানীগঞ্জ থানায় ১০ জন, বেগমগঞ্জ মডেল থানায় ২০ জন, সেনবাগ থানায় ২১ জন, চাটখিল থানায় ৮ জন, চরজব্বর থানায় ১০ জন, সোনাইমুড়ী থানায় ২২ জন এবং কবিরহাট থানায় ১১ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে কোম্পানীগঞ্জ থানায় আটক ১০ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। সোনাইমুড়ী থানায় আটক ২২ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে অভিযান পরিচালনার পাশাপাশি অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে সচেতনতামূলক এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কিশোর গ্যাংমুক্ত নোয়াখালী গড়তে পরিবার, অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও জানিয়েছে জেলা পুলিশ।

আরও পড়ুন

  • . এর আরও খবর