
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল ও পরবর্তীতে হয়রানির অভিযোগ করেছেন জাহিদুল ইসলাম রাব্বি ওরফে রাব্বি মুন্সি এবং তার বাবা মো. রফিক উল্লাহ।
রাব্বি মুন্সীর অভিযোগ, তার বাবা কষ্টার্জিত অর্থ দিয়ে বৈধভাবে যে সম্পত্তি ক্রয় করেন, সেটি মোরশেদ আলম দীর্ঘ প্রায় ১২ বছর ধরে অন্যায়ভাবে ভোগদখল করে আসছিলেন। পরে স্থানীয়ভাবে সামাজিক সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলে উভয় পক্ষের দলিলপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হয়। ওই সালিশে তাদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
রাব্বি মুন্সি আরও অভিযোগ করেন, পরবর্তীতে মোরশেদ আলম জমা খারিজ ও নামজারি করে দেওয়ার কথা বলে তার সঙ্গে সাড়ে পাঁচ লাখ টাকার একটি বায়না চুক্তি করেন। জমাখারিজ সম্পন্ন হওয়ার পর থেকে বিভিন্ন অজুহাতে তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি বিষয়টি ভিন্ন দিকে নেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সালিশ করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি তার।
অন্যদিকে, মোরশেদ আলমের বাবা আব্দুর রহিম গত ২৮ জুলাই নামজারি খতিয়ান বাতিল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগে জমির দলিল ও নামজারি প্রক্রিয়ায় অনিয়মের দাবি করা হয়েছে।
তবে উভয় পক্ষের এসব অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। শুনানির জন্য ইতোমধ্যে তারিখ নির্ধারণ করা হয়েছে। উভয় পক্ষের শুনানি সাপেক্ষে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে বিধি মোতাবেক বিষয়টি নিষ্পত্তি করা হবে।
আপনার মতামত লিখুন :