
নুশরাত রুমু, সদর : হামের উপসর্গে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে। এর মধ্য দিয়ে চলমান প্রাদুর্ভাবের মধ্যে হাসপাতালটিতে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটল। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৫৫ শিশু। বর্তমানে আইসোলেশন ইউনিট ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১০৮ শিশু।
রোববার (৩১ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী। মৃত শিশুটি সাওবান (সাড়ে তিন বছর)। সে সোনাইমুড়ী উপজেলার পৌরকড়া গ্রামের বাসিন্দা মো. ওসমানের ছেলে। গত শুক্রবার বিকেলে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মে জ্বর ও হামের উপসর্গ নিয়ে সাওবানকে ভর্তি করা হয়। পরবর্তীতে তার নিউমোনিয়াও ধরা পড়ে। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিলেও শুক্রবার বিকেলের দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ ১০ থেকে ১৫ জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।
ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, বর্তমানে হাসপাতালের আইসোলেশন ইউনিট ও শিশু ওয়ার্ডে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১০৮ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৫৫ জন। রোগীর চাপ বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :