প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ আগস্ট, ২০২৬

ইতালিতে আততায়ীর হামলায় নিহত কোম্পানীগঞ্জের একই পরিবারের ৩ জন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ইতালির রাজধানী রোমে আততায়ীর নির্মম পৈশাচিকতার শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন সদস্যের মরদেহ আগামীকাল শুক্রবার দেশে পৌঁছাচ্ছে। মর্মান্তিক এই ট্র্যাজেডির পর অবশেষে কফিনে বন্দি হয়ে শেষ যাত্রায় জন্মভূমিতে ফিরছেন তাঁরা। ওই দিন রাতেই নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
​রোমের জেমেলি পলিক্লিনিক হাসপাতালে দীর্ঘ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া একমাত্র সন্তান অয়ন নিজে সঙ্গে করে নিয়ে আসছেন বাবা, মা ও ছোট বোনের নিথর দেহ।
​নিহত তিন প্রবাসী হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন বাবুল (৩৯), তাঁর স্ত্রী (৩৮) এবং তাঁদের পাঁচ বছরের কন্যাসন্তান আরোয়া ইসলাম আরিশা।
​পারিবারিক সূত্র জানায়, ইতালি সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার তাঁদের কফিন ঢাকার উদ্দেশে রওনা হচ্ছে। সব প্রক্রিয়া ঠিক থাকলে কাল শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কফিনগুলো এসে নামবে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহ নিয়ে যাওয়া হবে নোয়াখালীর চরকাঁকড়া গ্রামে। পরে রাতেই স্থানীয় শিশু নিকেতন স্কুল মাঠে জানাজা শেষে দাফন করা হবে।
​উল্লেখ্য, গত ২৬ জুন রোমের ক্যাসালোত্তি এলাকার একটি ফ্ল্যাট থেকে রক্তভেজা তিনটি লাশ উদ্ধার করে ইতালিয়ান পুলিশ। একই স্থান থেকে গুরুতর আহত অয়নকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
​নিহত বাবুলের পরিবার জানায়, গত বছর তাঁদের বাড়িতে ‘লাল বাহিনী’ পরিচয়ে চাঁদা দাবি করে চিঠি দেওয়া হয়েছিল, না দিলে খুনের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাতকে এখনো গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা।
​সন্তান ও নাতনিদের হারিয়ে বাকরুদ্ধ বাবা সিরাজুল ইসলাম কেবলই চাইছেন পৈশাচিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার।

আরও পড়ুন

  • . এর আরও খবর