
নিজন্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার ১৭ অক্টোবর।
এ উপলক্ষে তাঁর জন্মস্থানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে দোয়া মাহফিল, পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও কাঙালি ভোজসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার সকালে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অবস্থিত মরহুমের কবরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হবে। পরে মরহুমের পরিবারের উদ্যোগে বাদ আসর জেলা মডেল মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া সদর উপজেলার বাঁধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রি/অনার্স কলেজ, নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে।
জাতীয় নেতা আব্দুল মালেক উকিল ১৯২৪ সালের ১ অক্টোবর জেলার তৎকালীন সুধারাম থানার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় আইনজীবী ও রাজনীতিবিদ আব্দুল মালেক উকিল দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, বিরোধীদলীয় নেতা, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং স্বাধীন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৮৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধ, দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।
আপনার মতামত লিখুন :