প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬

শিবপুর দরবার শরীফে আজমির শরীফের গদীনশিন পিরের শুভাগমন

স্টাফ রিপোর্টার: শিবপুর দরবার শরীফ জিয়ারত ও পরিদর্শন করেছেন ভারতের রাজস্থানের বিখ্যাত আজমির শরীফের গদীনশিন পির সাইয়্যেদ খাজা ওয়ারিছ হোসাইন চিশতী (মা.)।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে খাজা গরিবে নেওয়াজ ফাউন্ডেশন এর আয়োজনে তিনি শিবপুর দরবার শরীফে সফর করেন। এ সময় তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান চিশতী মঞ্জিল থেকে প্রকাশিত আল সূফী বার্তা সম্পাদক মুহাম্মদ রাসেদ বিল্লাহ চিশতী।

সফরের শুরুতে তিনি শিবপুর দরবার শরীফের শাহেনশাহে বেলায়েত শাহ আবদুল আজিজ হক শিবপুরী (রহ.)-এর পবিত্র রওজা শরীফে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত ভক্ত-অনুরাগীদের সঙ্গে জিয়ারতে অংশ নেন। পরে তিনি চিশতী মঞ্জিলে অবস্থান করেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় ইসলামগঞ্জ চিশতী মঞ্জিলের মোন্তাজেম সূফী মোর্শেদ আলম চিশতী, নোয়াখালী মাইজদী চিশতীয়া খানকাহ শরিফের প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম টংকু চিশতী, মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, গোলাম মাওলা আল কাদেরী, মো. স্বপন শাহ কলন্দরী, শিবপুর দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মো. নাজিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ব্যক্তিত্ব ও ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গরিবে নেওয়াজ ফাউন্ডেশনের পরিচালক মো. সামিউল ইসলাম আজিম চিশতী।

শেষে দোয়া ও মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন আজমির শরীফের গদীনশিন পির সাইয়্যেদ খাজা ওয়ারিছ হোসাইন চিশতী (মা.)।

আরও পড়ুন

  • নোয়াখালী সদর এর আরও খবর