
উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নোয়াখালীর সুবর্ণচরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও একক নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে সনদপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের উপর প্রবন্ধ উপস্থাপন করেন সৈকত সরকারি কলেজের প্রভাষক ইসমাইল হোসেন এবং প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরভাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :