প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬

বাড়িতে হামলা-ভাঙচুর, মাকে পিটিয়ে আহতের অভিযোগ

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :: সোনাইমুড়ীতে রাজনৈতিক বিরোধের জেরে এলডিপির এক কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও তাঁর মাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা দুলাল এবং কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে। সর্বশেষ গত ১৮ নভেম্বর বাড়িতে গিয়ে আরমান হোসেনের মাকে মারধর এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়েও প্রতিকার না পাওয়ার দাবি করেছেন স্বজনেরা।

পরিবারের অভিযোগ, ২০২৫ সালের ১২ আগস্ট বিএনপি নেতা দুলাল ও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী একত্র হয়ে সোনাইমুড়ী উপজেলার হোসেনপুর গ্রামের জালাল হাজী বাড়িতে আরমান হোসেনের বসতঘরে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁর মায়ের ওপরও অতর্কিত হামলা করা হয়। ওই ঘটনার পর থেকেই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি তাদের।

পরিবারের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ গত ১৮ নভেম্বর সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি আরমান হোসেনের বাড়িতে গিয়ে উচ্চস্বরে তাঁর নাম ধরে ডাকাডাকি করেন। এ সময় আরমানের মা ও ভাই ঘর থেকে বের হয়ে এলে তাঁরা আরমানের অবস্থান জানতে চান। পরিবারের সদস্যরা তাঁর অবস্থান জানেন না বলে জানানোর পর হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁর মায়ের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরমানের মায়ের মাথা ফেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে ঘটনাস্থল ত্যাগের সময় আরমানের ভাইকে উদ্দেশ করে তাঁরা বলেন, আরমানকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে পরিবারের দাবি, ২০২৫ সালের ২০ আগস্ট পুলিশ আরমান হোসেনের বাড়িতে গিয়ে তাঁর খোঁজ করে। এ সময় তাঁর ভাই পুলিশের কাছে জানতে চান, কী কারণে আরমানকে খোঁজা হচ্ছে। জবাবে পুলিশ জানায়, ২০২৫ সালের ৫ আগস্ট থানায় ভাঙচুর, পুলিশ হত্যা, অস্ত্র লুট ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলায় আরমানের নাম রয়েছে এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই পুলিশ বাড়িতে গিয়েছিল বলে জানানো হয়।

সর্বশেষ হামলার ঘটনায় আরমানের ভাই সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিতে গেলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছে পরিবার। তাঁদের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় অভিযোগটি যথাযথ গুরুত্ব পায়নি।

পরিবারের পক্ষ থেকে ২০২৫ সালের ১২ আগস্টের হামলা ও ভাঙচুর এবং ২০২৬ সালের ১৮ নভেম্বরের মারধর ও হত্যার হুমকির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর