
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: সেনবাগে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানসিম (২৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ বিজবাগ গ্রামের আবদুল হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তানসিম পাশের বিজবাগ গ্রামের দেলু দরবেশের বাড়ির স্বপনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বিজবাগ গ্রামের আবদুল হাজী বাড়ির রহমত উল্লাহর বসতঘর থেকে পাশের রান্নাঘরে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল। বুধবার দিবাগত রাতে ওই বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তানসিম। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার ভোরে বাড়ির লোকজন ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে তাঁকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি প্লাস উদ্ধার করা হয়।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং কেউ বাদী না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান কামাল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :