
বিধান ভৌমিক, বিশেষ প্রতিনিধি : জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দয়ারামদি মৌজার ৩৮২ শতাংশ ব্যক্তি মালিকানাধীন ফসলিজমি জোরপূর্বক দখল করে একতা ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামে একটি ইটভাটা স্থাপন করে জনৈক আনোয়ার হোসেন মিরণ। এর প্রতিবাদে ও দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাটইয়া ইউনিয়নের হাফেজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী জমির একাংশের মালিক তাজউদ্দিন বলেন, আজ থেকে ২৮ দিন আগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এই ইটভাটার চিমনি ভেঙ্গে দেয়। এরপর গত চারদিন ধরে প্রশাসনের নাম ভাঙিয়ে আবারো নতুন করে কম উচ্চতার চিমনি তৈরি করে ইট পোড়াচ্ছে।
তিনি অভিযোগ করে আরও বলেন, গত প্রায় ১৫ বছর যাবত আমার ৩৮২ শতাংশ চাষকৃত ফসলি জমির উপর একতা ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের মালিক আনোয়ার হোসেন মিরণ জোর করে ইটভাটা তৈরি করে রেখেছে। আমি তাকে বিভিন্ন সময় আমার জমি ছেড়ে দিতে বললে তিনি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণনাশের হুমকি দেন। আনোয়ার হোসেন মিরণের ইটভাটার সরকারি কোনো অনুমোদনও নেই। সম্পূর্ণ অবৈধভাবে তিনি এ ইটভাটা চালাচ্ছেন।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন অবৈধ এই ইটভাটা বন্ধের জন্য এলাকাবাসী দীর্ঘদিন দাবি জানিয়ে মানবব্ন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে একতা ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের মালিক আনোয়ার হোসেন মিরণ বলেন, আমি জমির মালিকদের কাছে কয়েক মাস সময় দাবি করেছি। এরপর আমি নিজেই ইটভাটা বন্ধ করে দেয়ার প্রস্ততি নিচ্ছি। তবে আমি পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিহিংসার শিকার আমি।
এ ব্যাপারে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, এই ইটভাটা অবৈধ এটা সবাই জানে। কিছুদিন আগে ওই ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেয়া হয়। নতুন করে চিমনি বসিয়ে ইট পোড়ানোর খবর পেয়েছি। পুনরায় সেখানে অভিযান চালানো হবে।
আপনার মতামত লিখুন :