
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সারা দেশের কর্ম এলাকায় পালন করছে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫। এই কর্মসূচির অংশ হিসেবে হাতিয়ায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ অনুষ্ঠান, যা নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে যেনো এক নীরব বিপ্লব।
আজ বৃহস্পতিবার সকাল দশটায় রিক এর নোয়াখালী জোনের উদ্যোগে রিক হাতিয়া এরিয়ার আয়োজনে অফিস প্রাঙ্গনে হয় এই সবুজ উৎসব। আয়োজনটি রূপ নেয় একটি মিলনমেলায়। যেখানে গাছ শুধু চারা নয়, হয়ে ওঠে প্রত্যাশার প্রতীক।
রিক এর হাতিয়া চৌমুহনী শাখার ম্যানেজার দীপংকর খীসার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিক এর নোয়াখালী জোনের হাতিয়া এরিয়া ম্যানেজার মোঃ ফরিদুল আলম, এসময় আরো উপস্থিত ছিলেন এএসআই দুলাল মিয়া, হাতিয়া এরিয়ার চৌমুহনী শাখার সহকারী হিসাব রক্ষন কর্মকর্তা সুজন চন্দ্র দাশ সহ হাতিয়া উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আয়োজকরা বলেন, শুধুমাত্র উন্নয়ন নয়, সমাজে স্থায়িত্ব আনতে হলে চাই প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের সেতু গড়ে ওঠে একটি গাছের চারা রোপণের মাধ্যমে। রিক-এর এ উদ্যোগ শুধু একটি সামাজিক দায়বদ্ধতা পালন নয়, বরং এটি পরিবেশবান্ধব ভবিষ্যতের বীজ বপনের মতো। একটি গাছ মানেই আগামী প্রজন্মের জন্য একটি নিশ্বাস। আজকের এই গাছগুলো একদিন শুধু ছায়া নয়, সমাজের সচেতনতার প্রতীক হয়ে উঠবে।
আপনার মতামত লিখুন :