
নোয়াখালী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আগেভাগেই কেন্দ্রের মাঠে ভিড় জমিয়েছেন বিপুলসংখ্যক নারী। কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রেও একইভাবে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। একই চিত্র সুবর্ণচর উপজেলার আবদুল্লাহ মিয়াহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনের ৮৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এসব কেন্দ্রের সবকটিই সিসি ক্যামেরার আওতায় রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিস্তারিত তথ্য অনুযায়ী—
**নোয়াখালী-১ আসনে* মোট ১৪১টি ভোটকেন্দ্র; এর মধ্যে ৮৮টি সাধারণ ও ৫৩টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
**নোয়াখালী-২ আসনে* ১১১টি কেন্দ্র; ৭৩টি সাধারণ ও ৩৮টি অতি গুরুত্বপূর্ণ।
**নোয়াখালী-৩ আসনে* ১৬৬টি কেন্দ্র; ১০৬টি সাধারণ ও ৬০টি অতি গুরুত্বপূর্ণ — যা ছয় আসনের মধ্যে সর্বাধিক।
**নোয়াখালী-৪ আসনে* ১৯৮টি কেন্দ্র; ১৫৬টি সাধারণ ও ৪২টি অতি গুরুত্বপূর্ণ।
**নোয়াখালী-৫ আসনে* ১৫৫টি কেন্দ্র; ১০৪টি সাধারণ ও ৫১টি অতি গুরুত্বপূর্ণ।
**নোয়াখালী-৬ আসনে* ১০৪টি কেন্দ্র; ৮৭টি সাধারণ ও ১৭টি অতি গুরুত্বপূর্ণ — যা জেলার মধ্যে সর্বনিম্ন।
ছয়টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের আগের রাতে হাতিয়াতে সামান্য উত্তেজনা থাকলেও কোনো কেন্দ্র আক্রান্ত হয়নি।”
আপনার মতামত লিখুন :