• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৬

চৌমুহনীতে খাল থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার

সাইফুল ইসলাম, বেগমগঞ্জ :
বেগমগঞ্জের চৌমুহনীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা অজ্ঞাত (৩৯) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
সোমবার (৯ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন গণিপুর খালে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। দীর্ঘ সময় ধরে বস্তাটি একই স্থানে পড়ে থাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, ভেতরে এক যুবকের গলাকাটা মরদেহ রয়েছে। নিহত যুবকের হাত-পা প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যার পর মরদেহটি বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ খাল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ২-৩ দিন আগে কে বা কাহারা তাকে হত্যা করে এখানে ফেলে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর