
স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে টানা ৪৪ বছর ধরে রমজান মাসজুড়ে রোজাদারদের সম্মানে ইফতার আয়োজন করে আসছেন জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ আবুল কাশেম।
চৌমুহনী হকার্স মার্কেট জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিদিন এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, হকার্স জামে মসজিদ কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
মঙ্গলবার (১৭ মার্চ) হাজী মোহাম্মদ আবুল কাশেম বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। তিনি জানান, ১৯৮২ সাল থেকে প্রতিদিন প্রায় ৩০০ রোজাদারের জন্য ইফতার আয়োজন করে আসছেন, অনেক সময় এ সংখ্যা ৪০০ ছাড়িয়ে যায়। দীর্ঘ ৪৪ বছর ধরে এ কার্যক্রম অব্যাহত রাখতে পেরে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং রমজানের শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা। একইসঙ্গে হকারদের অধিকার রক্ষা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ ধরনের মানবিক উদ্যোগে অংশ নিতে পেরে রোজাদারেরা সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে হাজী আবুল কাশেম আগত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
হাজী আবুল কাশেমের ছোট ছেলে ফজলে রাব্বি বলেন, বাবার সঙ্গে মসজিদে ইফতার করতে তার খুব ভালো লাগে। ইফতারের আগে বয়ান ও দোয়া অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন এবং ভবিষ্যতে পিতার আদর্শ অনুসরণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতি বছর ২৭ রমজানে গরুর মাংস দিয়ে ইফতারের পর ভোজের আয়োজন করা হয়। পাশাপাশি শেষ রমজানেও রোজাদারদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখার কথা জানিয়েছেন আয়োজক।
আপনার মতামত লিখুন :