প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৭ নভেম্বর, ২০২৩

সোনাইমুড়ীতে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎপৃষ্টে অজ্ঞাত চোরের লাশ উদ্ধার

মোশাররেফ হোসেন সুমন, উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ীর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্রের সামনে থেকে ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যুৎপৃষ্টে নিহত অজ্ঞাত চোরের লাশ উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সোনাইমুড়ী জোনাল অফিসে ডিজিএম আলতাফ গহর চৌধুরী এই বিষয়ে জানান, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সোনাইমুড়ী অঞ্চলে গভীর রাতে লোক চক্ষুর আড়ালে বিদ্যুতের বিভিন্ন সরঞ্জামাদি চুরি করতে একটি চোর চক্র দীর্ঘ দিন থেকেই সক্রিয় রয়েছে। ইতিমধ্যে সোনাইমুড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্র ভবন এলাকায় চোর চক্র সঙ্গোপনে একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় এবং আরেকটি ট্রান্সফরমার বিনষ্ট করে ফেলে।

এতে ঐ এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ প্রবাহে বিঘ্ন ঘটে ও জনদুর্ভোগ বাড়ে। বুধবার (১৫ নভেম্বর’২৩) গভীর রাতে চোর চক্র ট্রান্সফর্মার ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী চুরি করতে গেলে বিদ্যুৎ সঞ্চালন সক্রিয় থাকায় চোর চক্রের একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। লাশ উদ্ধারকারী সোনাইমুড়ী থানার এস আই সাজিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা চোরের মৃতদেহ উদ্ধার করি।গভীর রাতে সঙ্গোপনে বৈদ্যুতিক সামগ্রী চুরি করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মর্মে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে।মৃতের শরীরের মুখ,গলা ও বুক বিদ্যুত পৃষ্টে ঝলসে গেছে। মৃত ব্যক্তির কোন নাম ঠিকানা এখনো পাওয়া যায় নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • সোনাইমুড়ী এর আরও খবর