প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬

কালো পোশাক, মাথায় হেলমেট চায়ের দোকানে বৃদ্ধকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

????????????

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :: সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর বাম পা ও রান গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামাল উদ্দিন বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জামাল উদ্দিন বাড়ির পাশে ঘোষকামতা গ্রামের বটগাছতলা এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে সেখানে আসে। পরে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে জামাল উদ্দিনের বাম পা ও রান গুলিবিদ্ধ হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ জামাল উদ্দিন একই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে। তিনি একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় পোস্টারিং করেছিলেন। বর্তমানে তাঁর একাধিক ছেলে প্রবাসে রয়েছেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তাঁর বাম পা ও রানে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বৃদ্ধ একটি দোকানে বসে থাকা অবস্থায় দুই ব্যক্তি এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর