
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, দেশের এক কোটি ২৫ লাখ যুবককে জাতীয় সম্পদে পরিণত করতে হলে তাদের মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্ত রাখতে হবে।
শুক্রবার বিকেলে উপজেলা যুব বিভাগের উদ্যোগে বাংলাবাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে তিনি বলেন, “দেশের যুবসমাজই জাতির সবচেয়ে বড় শক্তি। কিন্তু মাদক সেই শক্তিকে ধ্বংস করছে। তাই যুবসমাজকে মাদকমুক্ত রেখে নৈতিক, আদর্শবান ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
উপজেলা যুব বিভাগের সভাপতি মো. জাকের হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রচার সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য বোরহান উদ্দিন, জিরতলী ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, গোপালপুর ইউনিয়ন আমীর মাস্টার আবু তাহের এবং আমানউল্লাপুর ইউনিয়ন আমীর আব্দুল্লাহ আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব নেতা কামরুল ইসলাম, ইস্রাফিল হোসেন, ইসমাইল হোসেন বাবু, রবিন রকি এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
সমাবেশের আগে বাংলাবাজার প্রধান সড়কে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :