প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ আগস্ট, ২০২৬

গণঅভ্যুত্থানের চেতনায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান

স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা বৈষম্য, লুণ্ঠন ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

সভায় বক্তব্য দেন সিপিবির সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন, বাসদের সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, বাসদ (মাহবুব) এর সাধারণ সম্পাদক হরুনার রশিদ ভুইয়াগণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড রজত হুদা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী। সভা পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম।

বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগ, অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ এবং লাখো মানুষের অংশগ্রহণে গণঅভ্যুত্থান সংঘটিত হলেও সাধারণ মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হয়নি। তারা অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি, চট্টগ্রাম বন্দর ইজারা প্রদান, সাম্প্রদায়িক হামলা, মুক্তিযুদ্ধবিরোধী তৎপরতা, রাষ্ট্রায়ত্ত কলকারখানা বন্ধ এবং ছাত্র-শ্রমিক-জনতার আকাঙ্ক্ষার বিপরীতমুখী নীতি অনুসরণ করে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়।
নেতৃবৃন্দ আরও বলেন, মার্কিন প্রভাবিত পররাষ্ট্রনীতি বাংলাদেশকে জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মুখোমুখি করতে পারে। জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করে এবং সাম্রাজ্যবাদী শক্তির পরামর্শে রাষ্ট্র পরিচালনার জন্য গণঅভ্যুত্থান সংঘটিত হয়নি বলেও তারা মন্তব্য করেন।

বক্তারা সতর্ক করে বলেন, অতীতে যেমন জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করা হয়েছে, ভবিষ্যতেও সেই পথ অনুসরণ করা হলে গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে। তারা বলেন, শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের স্বার্থ উপেক্ষা করে দেশের প্রকৃত স্বার্থ রক্ষা করা সম্ভব নয়।
এ সময় নেতৃবৃন্দ বিদ্যুৎ খাতে দুর্নীতি বন্ধ, গ্যাস সংকটের কার্যকর সমাধান ছাড়া গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর