
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার পশ্চিম নরোত্তমপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পশ্চিম নরোত্তমপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহনেওয়াজ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিক উল্লাহ পাটোয়ারী, জামাল উদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসান তৈয়ব পাটোয়ারী, ইমরান হোসেন আজাদসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
এইসময় জিপিএ ৫ প্রাপ্ত ৫ জন সহ মোট ৩০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও উপহার তুলে দেন আগত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাখিল পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিক ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা অর্জনের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ গঠনে অবদান রাখার জন্য তারা কৃতী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এ সময় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :