
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুর নির্দেশনায় তৃণমূল নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তিতাহাজরা বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতাহাজরা প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস। এছাড়া উপজেলা বিএনপির সদস্য আহসান উল্যাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম লিটন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা কামাল হোসেন সহ স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের মোট ১৬৮ জন ভোটারের অংশগ্রহণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বক্তারা বলেন, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব নয়। তাই নিয়মিত কর্মী সম্মেলন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব তৈরি এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
সম্মেলনকে ঘিরে সকাল থেকেই গোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তিতাহাজরা স্কুল মাঠে জড়ো হন। দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম শেষে ভোটগ্রহণের মাধ্যমে ছয়টি পদে নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে কর্মী সম্মেলনের কার্যক্রম শেষ হয়।
আপনার মতামত লিখুন :