প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে একটি ডাস্টবিন থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় শিশুটির মাকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেলে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি সিএনজি অটোরিকশা থেকে হাসপাতালের সামনের সড়কের পাশে থাকা ডাস্টবিনে কিছু ফেলে দেওয়া হয়। এরপর সেখানে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। তাঁরা শিশুটিকে উদ্ধার করেন। পরে ওই সিএনজি অটোরিকশাটি ধাওয়া করে এক তরুণী ও তাঁর মাকে আটক করা হয়।

আটক তরুণীর নাম নাহিদা আক্তার মিতু (১৮)। তিনি কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেলাল হোসেনের মেয়ে। স্থানীয় লোকজন জানিয়েছেন, তাঁদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ গ্রামে।

বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শওকত আল ইমরান বলেন, নবজাতক ও তাঁর মাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির নানী তাসলিমা আক্তার জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছেন। তিনি তাঁর মেয়েকে অবিবাহিত দাবি করে স্থানীয় একজন ব্যক্তির কথা পুলিশকে জানিয়েছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য স্থানীয় ওমর ফারুকের জিম্মায় পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর