
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের এক সেটে নৈর্ব্যক্তিক পরীক্ষা নেওয়ায় ৮ শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী পৌরসভার হামিদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি কানিজ ফাতেমা সোনাইমুড়ী পৌরসভার হামিদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে পরিদর্শনে যান। এসময় দাখিল পরীক্ষার্থীদের গনিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর এক সেটে দেওয়ার প্রমাণ হাতেনাতে পান। এসময় পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে ৮ শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়।
অব্যাহতি পাওয়া আট শিক্ষক হলেন, উপজেলার থানার হাট দাখিল মাদরাসার দেলওয়ার হোসেন, আমকি মহিলা মাদরাসার আমিরুল হোসেন, পিতাম্বরপুর দাখিল মাদরাসার সাইফুল ইসলাম, শাকতলা আলিম মাদরাসার সুমি আক্তার ও আবুল হোসেন, নান্দিয়া পাড়া আলিম মাদরাসার শরিফ মোহাম্মদ ইকবাল এবং সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার মেজবা উদ্দিন ও ইউনুস শরিফ।
কেন্দ্র সচিব হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সাইফুল্লাহ মনির বলেন, বিভিন্ন কক্ষে শিক্ষার্থীরা এক সেটে নৈর্ব্যক্তিক পরীক্ষা দিচ্ছিলেন। এটা নিয়মের খেলাপ। ইউএনও স্যার হাতেনাতে ধরেন। তাই কক্ষগুলোর দায়িত্বে থাকা ৮ শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার মধ্যে ২ জন শিক্ষক হামিদিয়া কামিল মাদরাসার ও ছয়জন উপজেলার অন্যান্য মাদরাসার।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের কিছু নিয়ম আছে। দায়িত্ব পালন করা শিক্ষকরা নিয়ম না মেনে পাশাপাশি সকল শিক্ষার্থীদের একই সেটে নৈর্ব্যক্তিক পরীক্ষা নিচ্ছিলেন। এখানে শিক্ষকদের অবহেলা স্পষ্ট প্রমাণিত হয়েছে।
আপনার মতামত লিখুন :