প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ আগস্ট, ২০২৬

ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসে, ফিরলেন নিথর দেহে

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : সংসারের সচ্ছলতার আশায় চার বছর আগে ঋণ করে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের পলাশ মজুমদার। সেখানে ব্যবসা শুরু করলেও ভাগ্য সহায় হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসেই মারা যান তিনি।

নিহত পলাশ মজুমদার সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত গণেশ মজুমদারের ছেলে। দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানোর আগে তিনি বসুরহাট বাজারে ‘মিতা ইলেকট্রনিক্স’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন।

শনিবার বেলা ১১টার দিকে দক্ষিণ আফ্রিকা থেকে পলাশের মরদেহ সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের সিকদার বাড়িতে পৌঁছে। পরে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার লেনেশিয়া শহরে নিজ দোকানে কাজ করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পলাশ।

নিহতের ভাগনি ঝুমু মজুমদার বলেন, ‘মামা দেশের ব্যবসা বিক্রি করে এবং ব্যাংক ও বিভিন্ন উৎস থেকে বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়ে আফ্রিকায় যান। সেখানে গিয়েও তেমন সুবিধা করতে পারছিলেন না। ব্যাংকেই এখনো প্রায় ৭ লাখ টাকা দেনা রয়েছে। ঋণ শোধ করার আগেই সব স্বপ্ন শেষ হয়ে গেল।

আরও পড়ুন