
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে যুবদল অতীতে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছে। আগামীতেও বর্তমান প্রধানমন্ত্রীর পাশে থেকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।
শুক্রবার বিকেলে চাটখিল বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, চাটখিল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাহাজাহান রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ সাইফুল ইসলাম জগলুসহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
মঞ্জুরুল আজিম সুমন বলেন, যুবদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দলের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আগামীতেও দলের নেতৃত্বের প্রতি আস্থা ও আনুগত্য বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাকালীন ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে চাটখিল বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :