
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে গৃহবধূ হালিমা বেগমের (৪৮) খালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলায় প্রধান আসামি স্বামী মো. জসিমকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. জসিম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বালুর চর এলাকার জবর আলী ফরাজি বাড়ির আলী আহাম্মদের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে হালিমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে নিহতের ছেলে মো. শরিফ (৩০) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে তার বাবা মো. জসিমকে এক নম্বর আসামি করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, ঘটনার পর হতে র্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা থেকে প্রধান আসামি স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি অত্যন্ত চালাক প্রকৃতির। সে ঘটনা থেকে নিজেকে আড়াল করতে নানা নাটকের সৃষ্টি করতে চেয়েছেন। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করেছি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। হত্যার রহস্য উদঘাটনে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :