• ঢাকা
  • সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মার্চ, ২০২৬

আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে: হাবিবুর রশিদ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সরকার আগামীর বাংলাদেশকে নিরাপদ, আধুনিক ও সমন্বিত পরিবহন ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা পরিকল্পনার আলোকে দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন। সরকারের লক্ষ্য এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানুষের সমান অধিকার থাকবে এবং তারা নিজেদের দেশের প্রকৃত মালিক মনে করবে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সড়ক পরিবহন খাতে সরকারের মূল লক্ষ্য দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করা। দুর্নীতি ও সিন্ডিকেট ভেঙে পরিবহন ব্যবস্থাকে সহজলভ্য করা হচ্ছে। পাশাপাশি সড়ক, রেল ও নৌপথের মধ্যে সমন্বয় করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

ঢাকার বাসস্টেশন আধুনিক ও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন বাস কোম্পানির মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে, এবং ছোট-বড় সব যানবাহনকে আইনের আওতায় আনা হচ্ছে।

বিআরটিসি বাস সেবা পুনরুজ্জীবিত হচ্ছে। নারীদের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা বাসচালক ও কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য সড়ক নির্মাণের জন্য পড়ে থাকা মালামাল সরানো এবং ভাঙাচোরা সড়ক অস্থায়ীভাবে সংস্কার করা হচ্ছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা রেলস্টেশন ও বাস টার্মিনালে সরেজমিনে তদারকি করবেন। গার্মেন্টস ছুটির কারণে চাপ বৃদ্ধি পেলে ধাপে ধাপে ছুটি দেওয়ার মাধ্যমে সমন্বয় নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত উদ্যোগে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর