
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে দীর্ঘদিনের সংঘাত, সহিংসতা ও দাঙ্গা-হাঙ্গামা নিয়ন্ত্রণে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (১২ জুন) বিকেলে সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম. ইমরান খান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার এবং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।
এ সময় বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ব্যবসায়ীরা ছাতারপাইয়া বাজারে সংঘাত-সহিংসতা বন্ধ, নিরাপত্তা জোরদার, যানজট নিরসন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেন।
জবাবে এমপি জয়নুল আবদিন ফারুক বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দেন। পাশাপাশি বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানজট নিরসনে গ্রাম পুলিশকে নিয়মিত দায়িত্ব প্রদান, ফুটপাত উচ্ছেদ এবং জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।
এ ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে বাজারে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতা কমবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও নিরাপদ ও স্বাভাবিক হবে।
আপনার মতামত লিখুন :