প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬

জেলাজুড়ে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ

হাবিবুর রহমান ফরহাদ, রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে দুর্গাপূজার নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি পূজামণ্ডপে নিয়মিত নজরদারি, সিসিটিভি ক্যামেরার কার্যক্রম পর্যবেক্ষণ, চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার, জনসমাগম নিয়ন্ত্রণ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেন। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার আরও বলেন, পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে সদাচরণ করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে। কোনো স্বার্থান্বেষী মহল যাতে গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ ও আনসার সদস্যদের নিরপেক্ষতা, স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন সম্ভব।

ব্রিফিং প্যারেডের শেষে পুলিশ সুপার নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সব সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিরাপত্তা ডিউটিতে মোতায়েন করা পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর