
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : নিজ প্রার্থীকে বয়কট করে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোরশেদ আলমকে সমর্থন দিয়েছে উপজেলা জাতীয় পার্টির একাংশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি স্কুল এন্ড কলেজে নৌকার প্রার্থী মোরশেদ আলমকে সমর্থন দেয়। এদিন জাতীয় পার্টির নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে নৌকার প্রার্থী মোরশেদ আলমকে বরণ করে নেন।
জানা গেছে, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে জাতীয় পার্টির লাঙ্গলের মনোনয়ন পান তালেবুজ্জামান। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর দলীয় প্রার্থী তালেবুজ্জামানকে বয়কট করে নৌকার প্রার্থী মোরশেদ আলমকে সমর্থন দেয় সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুসহ তিন শতাধিক নেতাকর্মী। এসময় সার্ক চেম্বার অব কমার্সের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর বলেন, সেনবাগ উপজেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। আমরা নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবো। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা নৌকা প্রতীক প্রার্থী মোরশেদ আলমকে বিজয়ী করবো। এখন থেকে জাতীয় পার্টির ইউনিয়ন পর্যায়ের ও উপজেলার সব নেতাকর্মী নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা করবে বলে ঘোষণা দেন এই জাপা নেতা।
এবিষয়ে নৌকার মাঝি মোরশেদ আলম বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার অবদান সব থেকে বেশি। উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ চায় নৌকার জয় হোক। আমি শতভাগ আশাবাদী বিপুল ভোটে নৌকা জয়লাভ করবে।
প্রসঙ্গত, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম (নৌকা), স্বতন্ত্র মোহা. আতাউর রহমান ভূঁইয়া (কাঁচি), জাসদের নাইমুল আহসান (মশাল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রবিউল হোসাইন (ছড়ি), জাতীয় পার্টির তালেবুজ্জামান (লাঙ্গল) ও বাংলাদেশ কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম (হাতঘড়ি)। এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪৯টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৪৬৪ জন।
আপনার মতামত লিখুন :