প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৬

জনগণের অধিকার রক্ষায় যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম এমপি

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানোর জন্য যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন, ভূমি দখল, চাঁদাবাজি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে যুবদলকে শক্ত অবস্থান অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা যুবদলকে সমাজের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের কোনো নেতাকর্মী যেন অন্যায় ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সমাজে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড প্রতিরোধে যুবদলকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নোয়াখালী-৫ আসনের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও ভূমি দখলের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার হতে হবে। সাধারণ মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের গ্রুপিং বা বিভেদ সৃষ্টি করা যাবে না। দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।

উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদুর রহমান রাজনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনজুরুল আমিন সুমন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিকদার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর