• ঢাকা
  • বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৬

এপ্রিল ফুলের অন্তরালে রক্তাক্ত ইতিহাস- জনি সিদ্দিক

বর্তমান মুসলিম সমাজে বিজাতীয় কৃষ্টি ও সংস্কৃতির অনুপ্রবেশ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেক ক্ষেত্রে ইতিহাসের চরম ট্র্যাজেডিগুলোকেও আজ আনন্দের অনুষঙ্গ হিসেবে পালন করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ১লা এপ্রিল বা ‘এপ্রিল ফুল’ উদযাপন। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ কৌতুক মনে হলেও, এর নেপথ্যে লুকিয়ে রয়েছে স্পেনে মুসলিম নিধনের এক পৈশাচিক ও হৃদয়বিদারক ইতিহাস। এই নিবন্ধের উদ্দেশ্য হলো সেই ধামাচাপা পড়া ইতিহাস বর্তমান প্রজন্মের সামনে উন্মোচন করা এবং মুসলিম উম্মাহকে নিজেদের গৌরবোজ্জ্বল অতীত ও পতনের কারণ সম্পর্কে সচেতন করা।

স্পেনে মুসলিম শাসনের সোনালি যুগ
৭১১ খ্রিষ্টাব্দে সেনাপতি তারিক বিন জিয়াদের অকুতোভয় নেতৃত্বে মাত্র বারো হাজার মর্দে মুজাহিদ বাহিনী নিয়ে স্পেন জয় করা হয়। এই বিজয়ের মাধ্যমে ইউরোপের বুকে ইসলামের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। পরবর্তী প্রায় আটশ বছর সেখানে মুসলিম শাসন বিদ্যমান ছিল, যা আধুনিক সভ্যতা, বিজ্ঞান ও দর্শনের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্ঞান-বিজ্ঞানের অভূতপূর্ব উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছিল স্পেন। রাজকীয় আল-হামরা প্রাসাদ ও গ্রানাডা শহর আজও সেই মহান সভ্যতার নীরব সাক্ষী।

তবে ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, যখনই মুসলিম শাসকরা ঈমানি শক্তি ও নৈতিকতা বিসর্জন দিয়ে ভোগ-বিলাসিতা ও ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়েন, তখনই তাদের পতন ত্বরান্বিত হয়েছে।

পতনের নীলনকশা ও সম্মিলিত ষড়যন্ত্র
স্পেনের তৎকালীন মুসলিম শাসকরা একপর্যায়ে নিজেদের মধ্যে অন্তর্দলীয় কোন্দলে জড়িয়ে আত্মঘাতী সংঘাতে লিপ্ত হন। তারা ঐক্যের পরিবর্তে বিভাজনের রাজনীতিতে জড়িয়ে পড়েন। এ সুযোগ নেয় পরাজিত খ্রিষ্টান শক্তিগুলো।

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য অনুযায়ী, আরাগন রাজ্যের রাজা ফার্ডিনান্ড ও কাস্তিলিয়ার রানি ইসাবেলা মুসলিমদের পরাজিত করার লক্ষ্যে একত্রিত হন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে সম্মিলিত শক্তি নিয়ে মুসলিমদের ওপর আক্রমণ শুরু করেন।

মুসলিমরা তখন নিজেদের ভেতর সংঘাতে লিপ্ত ছিল। ফলে একের পর এক মুসলিম শহর পতন ঘটে এবং শেষ পর্যন্ত রাজধানী গ্রানাডা অবরোধ করা হয়। সম্মুখযুদ্ধে মুসলিমদের শক্তি সম্পর্কে অবগত থাকায় খ্রিষ্টান বাহিনী ভিন্ন কৌশল গ্রহণ করে। তারা শহরের বাইরে ‘ভেগা’ উপত্যকার শস্যক্ষেত আগুনে পুড়িয়ে দেয়, ফলে গ্রানাডায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।
(তথ্যসূত্র: মাসিক আত-তাহরীক, মার্চ ২০১৭ সংখ্যা)

বিশ্বাসঘাতকতা ও ১লা এপ্রিলের ঘটনা
দীর্ঘ অবরোধ ও খাদ্যসংকটে মুসলিমরা চরম দুরবস্থায় পড়লে রাজা ফার্ডিনান্ড এক কৌশলী প্রস্তাব দেন। তিনি ঘোষণা করেন, যারা অস্ত্র ত্যাগ করে মসজিদ ও জাহাজে আশ্রয় নেবে, তাদের নিরাপত্তা দেওয়া হবে। সাধারণ মানুষ এই ঘোষণা বিশ্বাস করে সেখানে আশ্রয় নেয়।

পরবর্তীতে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয় বলে বর্ণনা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে ১লা এপ্রিলকে ‘এপ্রিল ফুল’ হিসেবে প্রচলন করা হয়েছে বলে দাবি করা হয়।

ঐতিহাসিক বাস্তবতা ও শিক্ষা
উল্লেখিত ঘটনাটি ১৪৯২ সালের সাথে সম্পর্কিত বলে বলা হয়। তবে ইতিহাসবিদদের মধ্যে এ বিষয়ে ভিন্নমত রয়েছে। তবুও গ্রানাডার পতন মুসলিম ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা অনৈক্য ও বিভেদের পরিণতি হিসেবে বিবেচিত হয়।

বর্তমান প্রেক্ষাপটে এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। বিভাজন, অজ্ঞতা ও ইতিহাসবিস্মৃতি যে কোনো জাতির জন্য ক্ষতিকর হতে পারে।

গ্রানাডার ইতিহাস আমাদের জন্য একটি সতর্কবার্তা। ঐক্য, সচেতনতা ও ইতিহাসচর্চার মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা জরুরি।

আবু বক্কার সিদ্দিক জনি
সালনা, গাজীপুর

আরও পড়ুন

  • . এর আরও খবর