
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : ইতালির রাজধানী রোমে নিজ বাসায় এক প্রবাসী বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা সবাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিও এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের সিরাজ মিয়ার নতুন বাড়ির সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) ও তাঁদের ৫ বছর বয়সী মেয়ে।
এই ঘটনায় কামাল উদ্দিনের ২০ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালির রোমে বসবাস করে আসছিলেন।
শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত তাঁদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর নির্বিচারে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কামাল উদ্দিন, তার স্ত্রী ও শিশুকন্যার মৃত্যু হয়।
এদিকে, প্রবাসী এই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার খবর কোম্পানীগঞ্জে তাঁদের গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের ক্রন্দনে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহতদের পরিবার ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
ইতালি পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
আপনার মতামত লিখুন :